জাতীয়
নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: শফিকুল আলম
আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দলটি গুম ও হত্যার মতো অপরাধে জড়িত থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগ নেই।
আজ শুক্রবার সকালে মাগুরা-ঢাকা সড়কের জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, “জুলাই শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাঁদের ত্যাগকে মনে রাখে। মুক্তিযুদ্ধের সময় মাগুরার অনেক শহীদকে আমরা ভুলে গেছি, কারণ তাদের স্মৃতিরক্ষায় তেমন উদ্যোগ নেওয়া হয়নি।”
জুলাই সনদে কিছু রাজনৈতিক দলের স্বাক্ষর না করার বিষয়ে তিনি বলেন, “এটি খুব গুরুত্বপূর্ণ নয়। অধিকাংশ দল সনদে স্বাক্ষর করেছে ও একমত হয়েছে। যারা স্বাক্ষর করেনি, তাদের মধ্যে কিছু নীতিগত মতপার্থক্য আছে, তবে মূল বিষয়ের প্রতি তারা সহমত।”
তিনি আরও বলেন, “ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে সব দল অংশ নিতে প্রস্তুত। এটি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।”
আওয়ামী লীগের সমালোচনা করে শফিকুল আলম বলেন, “তারা অতীতে টাকার বিনিময়ে নির্বাচন করেছে, ভোট কারচুপি করেছে। এবার জনগণ নিজের ভোট নিজেই দিতে পারবে। ভোট হবে উৎসবমুখর পরিবেশে।”
‘না ভোট’ প্রসঙ্গে তিনি বলেন, “যদি কোনো আসনে একজন প্রার্থী থাকেন, সেক্ষেত্রে ‘না ভোট’-এর সুযোগ থাকবে। আরপিও অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কেউ নির্বাচিত হতে পারবেন না।”