জাতীয়

লিবিয়া থেকে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশি শ্রমিক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ পিএম

লিবিয়া থেকে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশি শ্রমিক
ছবি: সংগৃহীত

অবশেষে স্বদেশে ফিরলেন লিবিয়ায় কর্মরত আরও ৩০৯ বাংলাদেশি। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাদের বহনকারী বিশেষ চার্টার ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্য সরকারের সহযোগিতায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে এই বাংলাদেশিদের দেশে ফেরানো হয়। এ নিয়ে চলতি মাসে লিবিয়া থেকে দ্বিতীয় দফায় একই সংখ্যক বাংলাদেশি ফিরলেন। এর আগে ৯ অক্টোবর প্রথম দফায় ৩০৯ জন দেশে ফেরেন।

দূতাবাস জানায়, প্রত্যাবাসিত ব্যক্তিরা স্বেচ্ছায় দেশে ফেরার জন্য আগেই আবেদন করেছিলেন। পরে দূতাবাসের সহায়তায় তাদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি, বহির্গমন ছাড়পত্র সংগ্রহসহ প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

লিবিয়ায় অনিয়মিত অভিবাসনের ঝুঁকি ও অনিরাপদ কর্মপরিবেশের কারণে দেশটির বিভিন্ন শহরে বিপদে পড়েছেন বহু বাংলাদেশি। দেশে ফেরত আসা শ্রমিকরা জানিয়েছেন, লিবিয়ায় মানবপাচারচক্রের ফাঁদে পড়ে তারা দীর্ঘদিন অমানবিক পরিস্থিতিতে ছিলেন।

ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর মিসরাতা ও ত্রিপলি থেকে আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানোর উদ্যোগ চলছে।