জাতীয়
পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আইন পাসে বাংলাদেশের তীব্র নিন্দা
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ আরোপের উদ্যোগের কড়া নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেছে ঢাকা।
শুক্রবার (২৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি মন্ত্রিসভায় সম্প্রতি অনুমোদিত ওই খসড়া আইন ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ দখলদারিত্ব আরও জোরদার করার স্পষ্ট প্রচেষ্টা।
বিবৃতিতে আরও বলা হয়, “ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন অব্যাহত রেখেছে, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাবের পরিপন্থী।”
বাংলাদেশ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে- পূর্ব জেরুজালেমসহ অধিকৃত কোনো ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) সাম্প্রতিক পরামর্শমূলক অভিমতের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে, যেখানে ইসরায়েলের আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দায়িত্বগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ সব সময় ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের পাশে আছে। ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই দীর্ঘদিনের অবস্থান বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।