জাতীয়

সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৬:১৯ পিএম

সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
প্রেস সচিব ও সাংবাদিক নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রী। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব ও সাংবাদিক নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রী’র বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৭ অক্টোবর) দুদকের অনুমোদনের পর মামলাটি দায়ের করা হয় বলে কমিশন সূত্রে জানা গেছে।

দুদক জানায়, সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর নাঈমুল ইসলাম খান দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করা হয়। তদন্তের অংশ হিসেবে তাদের কাছে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ পাঠানো হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো বিবরণী জমা দেননি। ফলে দুদক আইন ২০০৪-এর ২৬(২) ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দুদক কর্মকর্তারা জানান, সম্পদ বিবরণী জমা না দেওয়ার মামলার পাশাপাশি নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের অবৈধ সম্পদ অনুসন্ধানও চলমান রয়েছে।

সূত্র বলছে, আদালতের নির্দেশে ইতোমধ্যে নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী ও সন্তানদের ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে কোটি টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক।

উল্লেখ্য, সাংবাদিক নাঈমুল ইসলাম খান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গণঅভ্যুত্থানের সময় তিনি বিগত সরকারের পক্ষে গণমাধ্যমে অন্যতম সক্রিয় মুখ ছিলেন। সরকারের পতনের পর থেকেই তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরু হয়।

অন্যদিকে, একই দিন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ জালিয়াতির ঘটনায় সাবেক মহাপরিচালক ড. রফিকুল ইসলাম মণ্ডলসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক।

অভিযোগ রয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস না করেই ৪২ জনকে বৈজ্ঞানিক সহকারী পদে নিয়োগ দেওয়া হয়, যা সরকারি চাকরির নিয়ম ও যোগ্যতা মানদণ্ডের সুস্পষ্ট লঙ্ঘন।

দুদক জানিয়েছে, উভয় মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।