জাতীয়
সেনাপ্রধানের সাথে পাক যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ, কি আলোচনা হলো?
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সেনাসদরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
এর আগে গত শনিবার (২৫ অক্টোবর) জেনারেল সাহির শামশাদ মির্জা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তারা বাংলাদেশ–পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতার নানা দিক নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাতে জেনারেল মির্জা দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ জানান।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে—এই চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন।’