জাতীয়

নারীর অদম্য সাহসেই গড়ে উঠবে জলবায়ু সহনশীল বাংলাদেশ : রিজওয়ানা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৪:১৯ পিএম

নারীর অদম্য সাহসেই গড়ে উঠবে জলবায়ু সহনশীল বাংলাদেশ : রিজওয়ানা
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “জলবায়ু পরিবর্তন আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও টিকে থাকার লড়াই আমাদের হাতেই। এই টিকে থাকার সবচেয়ে বড় অনুপ্রেরণা পরিবারে দেন নারীরা। নারীর অদম্য সাহস ও সক্ষমতাই গড়ে তুলবে জলবায়ু সহনশীল বাংলাদেশ।”

আজ বুধবার রাজধানীর আলোকিতে আয়োজিত Annual Community of Practices (CoP) Network Convention 2025 - EmPower: Women for Climate Resilient Societies (Phase-II) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, “বাংলাদেশের নারীরা প্রতিদিন ঘরে ও সমাজে জলবায়ু সহনশীলতার লড়াই চালিয়ে যাচ্ছেন। দুর্যোগ, দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যেও তারা হার মানেননি। এই নারীদের সক্ষমতা বাড়াতে পারলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় টেকসই পরিবর্তন সম্ভব।”

তিনি আরও বলেন, “আমাদের উন্নয়নের দর্শন বদলাতে হবে। শুধু মেগা প্রকল্পে বিপুল অর্থ ব্যয়ের পাশাপাশি নদীভাঙন ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষদের সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। প্রকৃত অর্থে টেকসই উন্নয়ন তখনই সম্ভব, যখন সমাজের প্রতিটি দুর্বল ও প্রান্তিক মানুষ জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুরক্ষিত থাকবে।”

পরিবেশ উপদেষ্টা বলেন, “সরকারি ও বেসরকারি উদ্যোগে ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোজন প্রকল্পগুলোকে বড় আকারে সম্প্রসারণ করতে হবে। স্থানীয় নারী উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগগুলোকে জাতীয় উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করার এখনই সময়।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতা প্রধান ডিপাক এলমার, জাতিসংঘ নারী সংস্থার বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিং, এবং মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম।

এসময় দেশের বিভিন্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে কাজ করা ১০ জন অদম্য নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে উপদেষ্টা রিজওয়ানা হাসান জলবায়ু অভিযোজন বিষয়ক বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

জাতীয় এই কনভেনশনে দেশের ১০০টি নারী-নেতৃত্বাধীন নাগরিক সংগঠন অংশ নেয় এবং স্থানীয়ভাবে পরিচালিত জলবায়ু অভিযোজন উদ্যোগ উপস্থাপন করে। অনুষ্ঠানের শেষ পর্বে শিল্পীরা পটগান পরিবেশনার মাধ্যমে জলবায়ু ঝুঁকি ও তার প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরেন।