জাতীয়
প্রয়োজন হলে প্রতীকের তালিকা আবারও সংশোধন করা হবে: ইসি সচিব
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচনী প্রতীকের তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ প্রতীকটি বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি জানিয়েছেন, প্রয়োজন মনে করলে কমিশন ভবিষ্যতেও প্রতীকের তালিকা পুনরায় সংশোধন করতে পারে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, “আমাদের প্রতীকের তালিকা নিয়ে অনেক সমালোচনা ছিল। আগের তালিকা থেকে ১৬টি প্রতীক বাদ দিয়ে বর্তমানে ১১৯টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। তার মধ্যেই ‘শাপলা কলি’ প্রতীকটি নতুনভাবে যোগ করা হয়েছে।”
‘শাপলা কলি প্রতীকটি বিধিমালায় না থাকলে কোনো দলকে কীভাবে দেওয়া হবে?’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “ইসি মনে করেছে ‘শাপলা কলি’ প্রতীক রাখা যেতে পারে। এটা কোনো নির্দিষ্ট দলের দাবির প্রেক্ষিতে নয়। আপনারা জানেন, একটি দল ‘শাপলা’ চেয়েছিল। কিন্তু ‘শাপলা’ এবং ‘শাপলা কলি’-র মধ্যে পার্থক্য আছে। কমিশন মনে করেছে এটি করা যেতে পারে, তাই করা হয়েছে।”
তিনি আরও বলেন, “যেহেতু কিছু প্রতীকের বিষয়ে বিরূপ মন্তব্য ও বিভ্রান্তি দেখা দিয়েছে, তাই কমিশন কিছু প্রতীক বাদ দিয়ে কিছু নতুন প্রতীক যুক্ত করেছে। প্রতীকের তালিকা একটি গতিশীল প্রক্রিয়া- ভবিষ্যতে প্রয়োজন হলে আবারও সংশোধন করা হবে।”
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চলমান প্রতীক তালিকায় ১১৯টি প্রতীক রাখা হয়েছে, যার মধ্যে কয়েকটি নতুন সংযোজন এবং কিছু পুরোনো প্রতীক বাতিল করা হয়েছে। কমিশন বলছে, ভোটারদের সহজে প্রতীক চেনা ও বিভ্রান্তি দূর করাই এর মূল উদ্দেশ্য।