জাতীয়
আজ থেকে বন্ধ হচ্ছে অর্ধকোটি মোবাইল সিম
বাংলাদেশে সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও নির্বাচনের আগে সিমের অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
শনিবার (১ নভেম্বর) থেকে প্রতিটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ভিত্তিতে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহার করার নিয়ম কার্যকর হচ্ছে।
বিটিআরসি জানায়, অতিরিক্ত সিম বন্ধের নির্দেশনা মোবাইল অপারেটরদের দেওয়া হয়েছে। এতে অন্তত ৫০ লাখ সিম বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে একজন গ্রাহকের জন্য সিমের সংখ্যা ৫টিতে নামানো হবে।
দেশে বর্তমানে ২৬ কোটি ৬৩ লাখ সিম নিবন্ধিত রয়েছে, যার মধ্যে সক্রিয় সিমের সংখ্যা প্রায় ১৯ কোটি। প্রায় ৬৭ লাখ গ্রাহকের নামে ১০টির বেশি সিম ছিল। তিন মাসের নোটিশের পরও প্রায় ৫০ লাখ সিম এখনও ডি-রেজিস্ট্রেশন হয়নি।
বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম মনিরুজ্জামান জানান, “যেসব গ্রাহক সময়মতো অতিরিক্ত সিম বাতিল করেননি, সেই সিমগুলো আজ থেকে ডি-রেজিস্ট্রেশন করা হবে।”
বিশ্বব্যাপী সিম ব্যবহারের দিক দিয়ে বাংলাদেশ নবম স্থানে রয়েছে। দেশে বর্তমানে সক্রিয় ১৮ কোটি ৭৯ লাখ সিম, যা জাপান, জার্মানি ও যুক্তরাজ্যের মতো দেশের তুলনায় অনেক বেশি।