জাতীয়
আজ থেকে ৮ মাসের জন্য জাটকা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শুরু
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে দেশের সব নদী, উপকূলীয় এলাকা এবং জলাশয়ে আজ শনিবার থেকে জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এই নিষেধাজ্ঞা আগামী বছর ৩০ জুন পর্যন্ত চলবে, যা মোট ৮ মাসের জন্য প্রযোজ্য।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এই নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় এবং মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এর আগে ৪ থেকে ২৫ অক্টোবর (১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক) পর্যন্ত দেশের প্রধান ইলিশ প্রজনন এলাকায় ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়ন করা হয়। ওই সময়ে ডিমওয়ালা ইলিশ থেকে নিঃসৃত ডিমের পরিস্ফুটনের মাধ্যমে উৎপন্ন পোনা বর্তমানে নদী ও মোহনাসমূহে বিচরণ করছে। এই পোনা নিরাপদে বেড়ে উঠলে ভবিষ্যতে দেশের ইলিশ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে দণ্ডের মধ্যে রয়েছে সর্বাধিক ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বাধিক ৫ লাখ টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ড।
মৎস্য অধিদপ্তর সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র্যাব এবং স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহযোগিতায় কঠোরভাবে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।
দেশের ইলিশ রক্ষা ও প্রজনন বাড়াতে এই পদক্ষেপকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।