জাতীয়
জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে ভারতের বক্তব্যের যে জবাব দিল ঢাকা
বিশ্বখ্যাত ইসলামি স্কলার ও চিন্তাবিদ ডা. জাকির নায়েক যদি বাংলাদেশে সফর করেন, তাহলে তাকে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে দিল্লি। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, “ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামি স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে। আমরা বিশ্বাস করি, কোনো দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া উচিত নয়।”
তবে তিনি স্পষ্ট করেননি, ঢাকায় এলে জাকির নায়েকের বিষয়ে বাংলাদেশ কী পদক্ষেপ নেবে। তার বক্তব্যে ধোঁয়াশা তৈরি হলেও বিষয়টি বাংলাদেশ প্রশাসনের নজরে রয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এক সাংবাদিক জিজ্ঞেস করেন জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফর নিয়ে। জবাবে জয়সওয়াল জানান, “জাকির নায়েক একজন পলাতক আসামি এবং ভারতে ওয়ান্টেড। আমরা আশা করি, যেকোনো দেশে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।”
ঢাকায় চলতি মাসের শেষের দিকে আসবেন ডা. জাকির নায়েক। তিনি একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেবেন। এই আয়োজন করছেন স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট।