জাতীয়
জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পরেই এবারের বিশ্ব ইজতেমা আয়োজন করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ. ম. খালিদ হোসেন। রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে তাবলিগ জামায়াতের দুই পক্ষ- জুবায়ের ও সা’দ অনুসারীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, “বিশেষ পরিস্থিতির কারণে এবারের ইজতেমা নির্বাচনের পর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীও নির্বাচনী দায়িত্বে ব্যস্ত থাকবে। তাই নির্বাচন শেষ হওয়ার পরই ইজতেমা আয়োজনের বিষয়ে উভয় পক্ষের নেতারা সম্মতি জানিয়েছেন।”
তিনি আরও জানান, নির্বাচন ও রমজানের সময় বিবেচনায় নিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হবে। তবে কোন পক্ষ আগে ইজতেমা করবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টা বলেন, “একসঙ্গে দুই গ্রুপের ইজতেমা আয়োজন সম্ভব নয়। পরবর্তী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।