জাতীয়
আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে: মাহফুজ আলম
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, আগামী সপ্তাহেই শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হবে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
মাহফুজ আলম বলেন, “আমরা যে প্রতিশ্রুতি নিয়ে কাজ শুরু করেছিলাম- বিচার কার্যক্রম শুরু করব, সেটি বাস্তবায়ন করতে পেরেছি। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার মামলার রায় হবে। এতে জুলাই শহীদদের পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পাবে।”
তিনি আরও জানান, শুধু শেখ হাসিনার বিচারই নয়, গুম-খুন এবং ছাত্র-জনতার ওপর নিপীড়নের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া চলছে। “ট্রাইব্যুনালের কাজ অব্যাহত রয়েছে, এবং পরবর্তী সরকার এই বিচার কার্যক্রম আরও এগিয়ে নেবে,” বলেন তিনি।
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন, “সংস্কার কার্যক্রমে আমরা অনেকটা এগিয়ে গেছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করেছে, যা বাংলাদেশের জন্য বড় অর্জন। এই সনদের মধ্য দিয়েই দেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে।”
তিনি আশা প্রকাশ করেন, “জুলাই সনদ ও চলমান সংস্কার কার্যক্রম পরবর্তী নির্বাচিত সরকার এগিয়ে নিতে পারলে, আমরা সেই নতুন বাংলাদেশ দেখতে পাব, যেখানে ক্ষমতার ভারসাম্য, আইনের শাসন ও সুবিচার প্রতিষ্ঠিত হবে- আর গুম-খুনের মতো দুঃসহ অধ্যায় ফিরে আসবে না।”