জাতীয়
২০ বছরের বেশি সাজাভোগের পর মুক্তি পাচ্ছেন ৩৭ বন্দি
দেশের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন ধরে সাজা ভোগ করা বন্দিদের মধ্যে যারা রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সময় কারাভোগ করেছেন, তাদের মধ্যে ৩৭ জন বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ। তিনি জানান, দেশের বিভিন্ন কারাগারে থাকা এমন বন্দিদের বিষয়ে সরকার বিশেষ বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে, যারা তাদের সাজা পূর্ণ করার পাশাপাশি রেয়াত সময়সহ ২০ বছর বা তারও বেশি সময় কারাগারে কাটিয়েছেন।
সরকার এ সিদ্ধান্ত গ্রহণের সময় বন্দিদের মামলার প্রকৃতি, কারাগারে অবস্থানকালে তাদের আচরণ, শৃঙ্খলা রক্ষা, কারা অপরাধে সম্পৃক্ততা, বয়স এবং মানবিক দিকসহ নানা বিষয় পর্যালোচনা করেছে। এই মূল্যায়নের পর চূড়ান্তভাবে ৩৭ জন বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে তাদের মুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।
কারা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মুক্তির সরকারি আদেশ কারাগারে পৌঁছানোর পরই তা কার্যকর করা হবে। ফলে খুব শিগগিরই দীর্ঘ দুই দশকেরও বেশি সময় কারাভোগের পর এই বন্দিরা ফিরে যাবেন মুক্ত জীবনে।
সরকারের এই উদ্যোগকে মানবিক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে। সমাজে পুনর্বাসনের সুযোগ এবং সংশোধনের উদাহরণ হিসেবে এটি ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।