জাতীয়
সাবেক আইনমন্ত্রীর বান্ধবী তৌফিকার আয়কর নথি জব্দের নির্দেশ
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন ও আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের আয়কর বিবরণী ও সংশ্লিষ্ট নথি জব্দের অনুমতি দিয়েছে আদালত।
মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ সংক্রান্ত আদেশ দেন। এদিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান আদালতে একটি আবেদন দাখিল করেন, যেখানে তৌফিকা করিমের আয়কর সংক্রান্ত নথি সংগ্রহের অনুমতি চাওয়া হয়।
আবেদনে উল্লেখ করা হয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে তৌফিকা করিম ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামিদের জামিন তদবির, নিয়োগ বাণিজ্য ও বদলিসহ নানা অনিয়মে জড়িত ছিলেন। এসব অনিয়মের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।
তদন্ত কর্মকর্তারা জানান, অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে তৌফিকা করিম ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করেছেন এবং বিদেশে অর্থপাচার (মানি লন্ডারিং)-এর সঙ্গেও জড়িত থাকতে পারেন। এই অভিযোগের বিষয়ে ইতোমধ্যেই সিআইডির অনুসন্ধান চলছে।
সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতে দাখিলকৃত আবেদনে বলা হয়, ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তৌফিকা করিমের আয়কর বিবরণী ও সংশ্লিষ্ট কাগজপত্র প্রয়োজন। এজন্য ঢাকার কর অঞ্চল-৮-এর উপ-কর কমিশনারকে নির্দেশনা দিতে আদালতের অনুমতি চাওয়া হয়।
আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার। শুনানি শেষে আদালত তৌফিকা করিমের আয়কর বিবরণী সিআইডিকে প্রদানের নির্দেশ দেন।
সূত্র জানায়, আয়কর নথি জব্দের পর সিআইডি তার আর্থিক লেনদেন, সম্পদ অর্জনের উৎস ও সম্ভাব্য মানি লন্ডারিং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান শুরু করবে।