জাতীয়

১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল নির্বাচন কমিশন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১০:০৯ এএম

১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল নির্বাচন কমিশন
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে ভোটার নিবন্ধনের সুযোগ না থাকলেও, ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে কমিশন।

ইসির নির্দেশনা অনুযায়ী, যারা ঠিকানা পরিবর্তনের কারণে অন্য এলাকায় ভোটার হতে চান, তাদের ১০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্মকর্তারা ১৭ নভেম্বরের মধ্যে এসব আবেদন অনুমোদন বা বাতিল করবেন।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি নির্দেশনা দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির সময়সূচি অনুমোদন করেছে ইসি। এ জন্য ১৩ নম্বর ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে।

দাবি-আপত্তি নিষ্পত্তির পর ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

অন্যদিকে, প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের আবেদন নিষ্পত্তির জন্য ৭ নভেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, যেসব প্রবাসী নাগরিকের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন হয়েছে, তাদের আবেদন অনলাইন সিএমএস পোর্টালের এনআরবি মেনু থেকে দেখা যাবে। উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তারা এসব আবেদন যাচাই-বাছাই করে তদন্ত প্রতিবেদন পাঠাবেন।

৩১ অক্টোবর পর্যন্ত জমা হওয়া আবেদনগুলোর তদন্ত ৬ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। তবে যেসব আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র নেই, সেগুলোতে “ডকুমেন্ট সংযুক্ত নেই” উল্লেখ করে প্রতিবেদন দিতে হবে।

সব তদন্ত শেষ হলে প্রতিবেদন পাঠাতে হবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বরাবর।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সব কার্যক্রম শেষে ডিসেম্বরের শুরুতেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে জাতীয় নির্বাচন।