জাতীয়

ইসি শতভাগ প্রস্তুত, ফেব্রুয়ারির প্রথমভাগেই নির্বাচন সম্ভব: ইসি মাছউদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম

ইসি শতভাগ প্রস্তুত, ফেব্রুয়ারির প্রথমভাগেই নির্বাচন সম্ভব: ইসি মাছউদ
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কালি দেশে এসে পৌঁছেছে, পাশাপাশি ভোটের আগের সব মৌলিক প্রস্তুতিও শেষ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইসির এখন কোনো প্রতিবন্ধকতা নেই। আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন। ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হলে আমরা পুরোপুরি প্রস্তুত।”

তিনি জানান, বিদেশ থেকে আনা ভোটের কালি এসে পৌঁছেছে, যা নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাছউদ বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ শুধু নির্বাচনের জন্য নয়, বরং দেশের সামগ্রিক স্থিতিশীলতার জন্যও জরুরি। রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করায় ভোটের আমেজ সৃষ্টি হয়েছে। ভোটের মাঠে সবাই নেমে গেলে পরিস্থিতি আরও অনুকূলে আসবে বলে আমরা আশা করছি।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচিত সরকার ও গণতান্ত্রিক ধারার ধারাবাহিকতা ছাড়া স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই এবারের নির্বাচন অবশ্যই সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হতে হবে।”

গত কয়েকটি জাতীয় নির্বাচনে অনিয়মের কারণে জনগণের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে, সেটি কাটিয়ে ওঠাই এবারের কমিশনের প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। “ভালো নির্বাচন করা ছাড়া বিকল্প নেই। জনগণের আস্থা পুনরুদ্ধার ও নির্বাচনী উৎসবের পরিবেশ ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য,” বলেন মাছউদ।

ইসি সূত্র জানায়, নভেম্বরের মধ্যেই সব মৌলিক প্রস্তুতি সম্পন্ন হবে। ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণার আগেই সব কাজ শেষ করা হবে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে ১৭ নভেম্বর পর্যন্ত দাবি-আপত্তি জানানো যাবে।

ইসি ৩০০ আসনে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ চূড়ান্ত করেছে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো পোস্টাল ভোটিংয়ের সুযোগ থাকছে। এ লক্ষ্যে ‘পোস্টাল ভোট রেজিস্ট্রেশন অ্যাপ’ চালু করা হবে ১৬ নভেম্বর।