জাতীয়

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ সদস্য ক্লোজড


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১০:৩১ পিএম

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ সদস্য ক্লোজড
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ সার্জেন্টকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। তিনি ট্রাফিক মিরপুর বিভাগে কর্মরত ছিলেন।

শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে তাকে ক্লোজড করা হয়েছে। 

আদেশে বলা হয়েছে, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট। মো. আরিফুল ইসলামকে (বিপি-৯২১৫১৭৪১৩২) ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে অত্র বিভাগ হতে ডিএমপি, ঢাকার (সদরদপ্তর ও প্রশাসন) বিভাগে সংযুক্ত (ক্লোজ) করা হলো।’

এতে আরও বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকরী হবে।

বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠান শেষে গাড়িতে উঠতে যাচ্ছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সার্জেন্ট আরিফুল ইসলাম তার পা ধরে সালাম করেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।