জাতীয়

মাঠ পর্যায়ে বন্ধ হচ্ছে এনআইডির বয়স সংশোধন কার্যক্রম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০২:১১ পিএম

মাঠ পর্যায়ে বন্ধ হচ্ছে এনআইডির বয়স সংশোধন কার্যক্রম
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বয়স সংশোধন কার্যক্রম মাঠপর্যায়ের নির্বাচন অফিসে আর করা যাবে না। এ বিষয়ে নতুন করে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১০ নভেম্বর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেন, “বয়স সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো এখন থেকে আর মাঠপর্যায়ের নির্বাচন অফিসে নয়, প্রধান কার্যালয় থেকেই সম্পন্ন করা হবে। তবে অন্যান্য সাধারণ তথ্য সংশোধনের কাজ আগের মতোই মাঠ পর্যায়ে চলবে।”

তিনি আরও জানান, সম্প্রতি এনআইডি সংশোধনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে বা অপরাধমূলক কারণে তথ্য পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। এসব অনিয়ম ও অপব্যবহার রোধে এনআইডি ডাটাবেজের নিরাপত্তা জোরদার এবং সংশোধন প্রক্রিয়া আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।