জাতীয়
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল
বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও সাড়ে তিন মাসের জন্য বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানিয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, ১২ নভেম্বর থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্ষমতা বহাল থাকবে। এর আগে গত ১২ সেপ্টেম্বর থেকে দুই মাসের জন্য একই ক্ষমতা দেওয়া হয়েছিল, যার মেয়াদ শেষ হচ্ছে আজ মঙ্গলবার।
প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ অনুযায়ী অপরাধ আমলে নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন এসব কর্মকর্তারা।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হওয়ার পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় গত বছরের ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমানবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়।
প্রথমে শুধুমাত্র সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারদের এ ক্ষমতা দেওয়া হলেও, পরবর্তী সময়ে তা সংশোধন করে পুরো সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমান) কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য প্রযোজ্য করা হয়। শুরুতে ৬০ দিনের জন্য দেওয়া এই ক্ষমতার মেয়াদ পরে পর্যায়ক্রমে একাধিকবার বাড়ানো হয়েছে।