জাতীয়

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে: প্রধান উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন কানাডীয় সাত সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন এমন এক সময়ে রয়েছে, যখন দেশটি একটি ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, “আমরা এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে।”

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার সাত সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কানাডীয় সিনেটর সালমা আতাউল্লাহজান। সাক্ষাতে উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার, সম্ভাবনাময় বিনিয়োগ খাত এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহযোগিতা বিষয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রতিনিধিদলকে দেশের চলমান সংস্কার কার্যক্রম ও আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, “আপনারা এমন এক সময়ে বাংলাদেশে এসেছেন, যখন আমরা তরুণ নেতৃত্বের হাত ধরে একটি নতুন যাত্রা শুরু করেছি। দেশের এই পরিবর্তন আমাদের সবার জন্য আশার বার্তা বয়ে আনছে।”

chief_adviser1_Dhakaprokash.jpg

রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে গিয়ে ড. ইউনূস কানাডার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের আট বছর অতিক্রান্ত হয়েছে। তাদের নিজ দেশে প্রত্যাবর্তনই একমাত্র টেকসই সমাধান- এর বিকল্প নেই। বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

সিনেটর সালমা আতাউল্লাহজান বলেন, রোহিঙ্গা ইস্যু একটি মানবিক সংকট, যা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলে কাজ করছেন। বিশ্বের উচিত রোহিঙ্গাদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ প্রত্যাবর্তনের বিষয়ে আরও মনোযোগী হওয়া।

তিনি রোহিঙ্গা সংকট সমাধানে ড. ইউনূসের উদ্যোগের প্রশংসা করেন এবং এ বিষয়ে কানাডার অব্যাহত সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সালমা জাহিদ, সামির জুবেরি, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের গ্লোবাল সিইও মাহমুদা খান, হিউম্যান কনসার্ন ইউএসএ-এর সিইও মাসুম মাহবুব, জেস্টাল্ট কমিউনিকেশনের সিইও আহমদ আতিয়া, এবং ইসলামিক রিলিফ কানাডার সিইও উসামা খান।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের পোশাক, কৃষি ও রপ্তানিমুখী শিল্পখাতে কানাডার বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সামির জুবেরি বলেন, “কানাডা বর্তমানে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বহুমুখী করার চেষ্টা করছে। আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি এশিয়া সফরে গিয়েছিলেন বাণিজ্যিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে।”

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং এসডিজিবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।