জাতীয়

গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হবে: প্রধান উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৩:০১ পিএম

গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। মুহাম্মদ ইউনূস বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। একইসঙ্গে গণভোটও হবে। এতে সময় ও খরচ কম হবে।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের চলমান সংস্কার নিয়ে কারও মধ্যে মতবিরোধ নেই। সবাই সংস্কারের পক্ষে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ বা মতপার্থক্য থাকলেও সংস্কারের প্রশ্নে সবাই এক।

তিনি বলেন, গত ৯ মাস ধরে রাষ্ট্র গঠনের জন্য জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের গুরুত্বপূর্ণ ৩০টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। এটি ভবিষ্যত রাজনীতির জন্য আশাব্যঞ্জক। এজন্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাচ্ছি।

এর আগে, বহুল আলোচিত ‘জুলাই সনদ’-এ সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। বৃহস্পতিবার তিনি এই সনদে স্বাক্ষর করেন। তবে ছাত্র-জনতার পক্ষ থেকে আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল- “রক্তের বিনিময়ে লেখা জুলাই সনদে” যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি সই করেন, তবে সেটি তারা মেনে নেবেন না।