জাতীয়
নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা
আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। পরের দিন শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রধান উপদেষ্টা জানান, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির কার্যক্রম স্থগিত রয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকেও বাদ দিয়েছে। ফলে দলটি নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকবে।
তিনি বলেন, আসন্ন নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক। বিশেষ করে ১০ লাখ নতুন তরুণ ভোটার প্রথমবারের মতো ভোট দিতে পারবেন-যারা গত ১৬ বছরে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।
বৈঠকে তিনি ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, এবারের ভোটে ব্যাপক অংশগ্রহণ ও উচ্চমাত্রার ভোট প্রদানের সম্ভাবনা রয়েছে।
জুলাই সনদের প্রসঙ্গ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটি বাংলাদেশের রাজনৈতিক পুনর্জাগরণের নতুন ভিত্তি। গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে লাখো মানুষের যে প্রত্যাশা ছিল, জুলাই সনদ তা বাস্তবায়নের পথ তৈরি করেছে।
তিনি আরও জানান, আসন্ন নির্বাচন জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সুসংহত করবে এবং একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।