জাতীয়

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনার কাছে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে ওমরাহযাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৪২ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

সোমবার গভীর রাতে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে মুফরিহাত এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, নিহতদের অধিকাংশই ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ অঞ্চলের বাসিন্দা। ভারতীয় সময় রাত প্রায় ১টা ৩০ মিনিটে দুর্ঘটনার পর বাসটিতে দ্রুত আগুন ধরে যায়। সেই সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় তাদের বের হওয়ার সুযোগ হয়নি, ফলে হতাহতের সংখ্যা ভয়াবহভাবে বাড়ে।

খালিজ টাইমস জানায়- যাত্রীরা ওমরাহ পালন শেষে মদিনার দিকে ফিরছিলেন। সংঘর্ষের পর বাসটি সম্পূর্ণ পুড়ে যায়, যার কারণে মরদেহ শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১১ জন নারী ও ১০ জন শিশু রয়েছে।

জীবিতদের মধ্যে মোহাম্মদ আবদুল শোয়াইবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি।

দুর্ঘটনার ঘটনার পর তেলেঙ্গানা সরকার দ্রুত তৎপরতা শুরু করে। মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি রিয়াদে ভারতের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার নির্দেশ দেন। নিহতদের পরিচয় শনাক্ত ও তথ্য সংগ্রহের জন্য আবাসিক কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্য সচিবালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষও চালু করা হয়েছে।

এদিকে হায়দরাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি জানান, বাসটিতে মোট ৪২ জন ওমরাহযাত্রী ছিলেন। তিনি দুর্ঘটনার পরপরই রিয়াদে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন আবু মাথেন জর্জের সঙ্গে যোগাযোগ করেন, যিনি দ্রুত তথ্য সরবরাহ ও সহায়তার আশ্বাস দিয়েছেন। ওয়াইসি কেন্দ্রীয় সরকারের কাছে নিহতদের মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনা এবং আহতদের চিকিৎসার নিশ্চয়তা প্রদানের অনুরোধ জানিয়েছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, রিয়াদ ও জেদ্দায় ভারতীয় মিশন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সব সহায়তা দিচ্ছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

সূত্র: এনডিটিভি