জাতীয়
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ
২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ঐতিহাসিক এই মামলায় রায়ের জন্য সকাল থেকেই আদালত চত্বরে জড়ো হয় ব্যাপক জনসমাগম। নিরাপত্তা–ঝুঁকি বিবেচনায় ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকাজুড়ে ছিল কয়েকস্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা।
জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন, গুম এবং মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আনীত একাধিক অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন আদালত। মামলার অন্যান্য দুই আসামি— আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে রায়ও একই ধারায় উপস্থাপন করা হয়েছে, যদিও মামুন রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছিলেন।
রায় ঘিরে আদালত এলাকা, রাজধানী ও সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ইউনিটকে সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।