জাতীয়
অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা
অভ্যন্তরীণ ইস্যুতে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বরদাশত করবে না-একথা পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
তিনি বলেন, “বাংলাদেশ পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে-কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা যেমন হস্তক্ষেপ করি না, তেমনি আমাদের অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ কাম্য নয়।”
বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’-এ বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন এবং কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এর আগে বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে অজিত দোভালকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি কোনো নিরাপত্তা উপদেষ্টার দ্বিতীয় দিল্লি সফর। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফর করেন।