জাতীয়

সেনাকুঞ্জে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম

সেনাকুঞ্জে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ
সেনাকুঞ্জে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ। ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি রওনা হয়ে সাড়ে ৪টার পর সেনাকুঞ্জে পৌঁছান।

সেনাকুঞ্জে পৌঁছার পর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কয়েক মিনিট আলাপ করেন। তবে এই আলাপের বিস্তারিত বিষয় প্রকাশ করা হয়নি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন পার্শ্বসাইটে খালেদা জিয়া ও ড. মুহাম্মদ ইউনূস পারস্পরিক সৌজন্য বিনিময় করেছেন। প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সুস্থতা কামনা করেন। এর জবাবে খালেদা জিয়া প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভকামনা জানান।

khaleda_yunus1_Dhakaprokash.jpg

এই সময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন। শায়রুল কবির খান জানিয়েছেন, একই গাড়িতে খালেদা জিয়ার সঙ্গে সেনাকুঞ্জে গিয়েছিলেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি এবং খালেদা জিয়ার প্রয়াত ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ও সদস্য এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্যরা—মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং হাফিজ উদ্দিন আহমেদও সেনাকুঞ্জে উপস্থিত ছিলেন।

গত বছরও খালেদা জিয়া সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।