জাতীয়
আমাদের ভবিষ্যৎ একই সুতোয় গাঁথা: ভুটানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা
ভুটানের সফররত প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শনিবার (২২ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
দুই নেতা বাংলাদেশ-ভুটান সম্পর্কের বিস্তৃত পরিসরে বিশেষ করে বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, পর্যটন, ইন্টারনেট সহযোগিতা, পরিবহন, স্বাস্থ্যসেবা, পরিবেশ, পানি সম্পদ, বিনিয়োগ ও উড়োজাহাজ চলাচল—নিয়ে আলোচনা করেন।
দুপুর ৩টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী তোবগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছান। এরপর দুই নেতা প্রথমে ৩০ মিনিটের একান্ত বৈঠক করেন এবং পরে প্রায় এক ঘণ্টার আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
ভুটানকে ‘বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু’ বলে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় ভুটান ঢাকার দৃষ্টিভঙ্গির একটি মূল অংশ।
তিনি বলেন, ‘আমাদের ভবিষ্যৎ একই সুতোয় গাঁথার মতো। ভৌগলিক অবস্থান ও প্রকৃতি আমাদের এক করেছে। আমাদের নিয়তি ভবিষ্যৎকে একসঙ্গে নির্মাণ করা।’ তিনি দুই দেশের যৌথ ইতিহাসও তুলে ধরেন।
জবাবে প্রধানমন্ত্রী তোবগে বলেন, ভুটান ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও চমৎকার সম্পর্ক বিদ্যমান। তিনি বাংলাদেশকে ভুটানের ‘আধ্যাত্মিক ঐতিহ্যের উৎস’ হিসেবে উল্লেখ করে জানান, মধ্যযুগে বাংলার ভিক্ষুরা বৌদ্ধধর্ম হিমালয় এলাকায় নিয়ে গিয়েছিলেন।
সফররত প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, ‘আমাদের যদি উন্নতি করতে হয়, তবে আমাদের একসঙ্গে উন্নতি করতে হবে।’
উভয় পক্ষ দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেছে। বাংলাদেশ ও ভুটান ২০২০ সালে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে।