জাতীয়
নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখল নির্বাচন কমিশন
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের প্রস্তুতি হিসেবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টিং কার্যক্রম শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার বিকেল থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত অথবা কমিশনের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এনআইডিতে ঠিকানা পরিবর্তনসহ অন্য যেকোনো তথ্য সংশোধনের কাজ বন্ধ থাকবে।
ইসি জানিয়েছে, নির্বাচন ও গণভোট দুটোরই প্রস্তুতি চলছে সমানতালে। সরকার ইতোমধ্যে নির্বাচন কমিশনকে একই দিনে ভোটগ্রহণের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। এ কারণে ভোটার তালিকা হালনাগাদ ও ব্যবস্থাপনার কাজ নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন করতে নির্দিষ্ট সময় পর্যন্ত এনআইডি সংশোধন স্থগিত রাখা জরুরি হয়ে পড়েছে।
নির্বাচন কমিশন বলছে, নির্ধারিত সময় শেষ হলে আবার স্বাভাবিক নিয়মে এনআইডি সংশোধন কার্যক্রম চালু করা হবে।