জাতীয়
উপদেষ্টা পরিষদে বহুল আলোচিত গণভোট অধ্যাদেশ পাস
উপদেষ্টা পরিষদে বহুল আলোচিত গণভোট অধ্যাদেশ পাস হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) উপদেষ্টা পরিষদের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সরকার ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নের পথে আরেক ধাপ এগোলো।
এর আগে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে গণভোট বিষয়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করবে।
গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন যে, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। সেই দিনই একযোগে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। প্রধান উপদেষ্টার ভাষ্যে, একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন করলে প্রশাসনিক খরচ সাশ্রয় হবে, উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে এবং চলমান সংস্কার কার্যক্রমও বাধাগ্রস্ত হবে না।
তিনি আরও উল্লেখ করেন, গণভোটে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্ন উপস্থাপন করা হবে। ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে তাঁদের মতামত জানাবেন। এই গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় আইনগত কাঠামো নির্ধারিত সময়েই সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
গণভোট অধ্যাদেশ পাসের মাধ্যমে এখন নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তুতি কার্যত সম্পূর্ণ হলো। সরকার-ঘোষিত এই উদ্যোগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।