জাতীয়

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির আহ্বান সেনাপ্রধানের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির আহ্বান সেনাপ্রধানের
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।  ছবি: সংগৃহীত

একবিংশ শতাব্দীর জটিল ও পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় আরও দক্ষ, আধুনিক এবং সক্ষম হয়ে গড়ে উঠতে ইএমই (ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স) কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

গতকাল মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএমই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দিকনির্দেশনা দেন।

সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের মেকানিক্যাল ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বার্ষিক সম্মেলনে সেনাপ্রধান ইএমই কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস ও দেশের সেবায় তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সক্ষমতা উন্নয়নই সময়ের দাবি, আর সে কারণেই প্রতিটি সদস্যকে পেশাগত দক্ষতা সর্বোচ্চ ব্যবহারের মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

ইএমই কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে সেনাপ্রধান ভবিষ্যৎমুখী পরিকল্পনা, পেশাগত উৎকর্ষ ও সেনাবাহিনীর উন্নয়নকল্পে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, ইএমই কোরের প্রতিটি সদস্য আগামী দিনে দেশসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

অনুষ্ঠানে পৌঁছালে সেনাপ্রধানকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন, জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও চেয়ারম্যান আরইবি; সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স; অ্যাডজুটেন্ট জেনারেল; জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া কমান্ডার; সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা; কমান্ড্যান্ট ইএমই সেন্টার অ্যান্ড স্কুল; সেনাবাহিনীর সব ইএমই ইউনিটের অধিনায়ক এবং স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা।

দেশের সার্বিক প্রতিরক্ষা সক্ষমতা সুদৃঢ় করতে ইএমই কোরের আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।