জাতীয়

প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে: বিমানবাহিনী প্রধান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম

প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে: বিমানবাহিনী প্রধান
ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর আধুনিকায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে যশোর এয়ারফোর্স একাডেমিতে অনুষ্ঠিত বিমানবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিমানবাহিনী প্রধান বলেন, গত দেড় বছরের পরিবর্তিত পরিস্থিতিতে বিমানবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে বিমানবন্দরসমূহ সচল রেখে অপারেশনাল দায়িত্ব সুচারুভাবে পালন করতে সক্ষম হয়েছে বাহিনীর সদস্যরা। তিনি জানান, বাহিনীর অপারেশনাল সক্ষমতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য বিমানবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। দেশের যেকোনো প্রয়োজনে দ্রুত ও নিশ্চিন্ত সাড়া দেওয়ার জন্য বাহিনীর সদস্যদের সদা প্রস্তুত থাকার আহ্বান জানান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।