জাতীয়

ঘুষ-দুর্নীতির অভিযোগে ডিএনসিসি প্রশাসক এজাজের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম

ঘুষ-দুর্নীতির অভিযোগে ডিএনসিসি প্রশাসক এজাজের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদ। ছবি: সংগৃহীত

ঘুষ ও দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুদক এ তথ্য নিশ্চিত করেছে।

দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক ঈশিতা রনির স্বাক্ষরিত একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে- এজাজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি প্রাথমিকভাবে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

চিঠিতে আরও বলা হয়েছে, অভিযোগটি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য দুদকের মহাপরিচালক (তদন্ত-১) এর কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী অভিযোগটি আনুষ্ঠানিকভাবে তদন্ত শাখায় প্রেরণ করা হয়েছে।

দুদক জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে শিগগিরই প্রাথমিক অনুসন্ধান কার্যক্রম শুরু হবে।