জাতীয়

আরব আমিরাতে বন্দি ২৫ জন প্রবাসীর মুক্তি শিগগিরই: আইন উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম

আরব আমিরাতে বন্দি ২৫ জন প্রবাসীর মুক্তি শিগগিরই: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

জুলাই মাসের গণঅভ্যুত্থানের ঘটনায় আরব আমিরাতে আটক প্রবাসীদের মধ্যে ১৮৮ জন ইতোমধ্যেই দেশে ফিরেছেন। তবে দেশটির কারাগারে এখনও ২৫ জন বন্দি রয়েছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, খুব শিগগিরই তাদেরও মুক্তি দেওয়া হবে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, “আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা সাফল্যের মুখ দেখেছে। আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ায় বন্দি ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতে বাংলাদেশের দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ।”

এর আগে, গত ৭ আগস্ট আবুধাবীতে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বাংলাদেশের দূতাবাসের রাষ্ট্রদূতের বৈঠকে ২৫ জন বন্দির তালিকা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য হস্তান্তর করা হয়।

দূতাবাসের পাঠানো কার্যক্রমকে আরও দ্রুত সম্পন্ন করার জন্য ২১ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল দেশটির মিনিস্টার অব জাস্টিস আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নোয়ামির কাছে অনুরোধপত্র পাঠান। এর ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাসের কাছে ওই ২৫ জনের পাসপোর্ট কপি ও ভিসা নম্বর চেয়ে নেয়। ৩০ সেপ্টেম্বর দূতাবাস সমস্ত তথ্য নোট ভারবাল আকারে পাঠায়।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় অনেক বাংলাদেশি প্রবাসীকে দেশটির আদালত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছিল। পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে বাংলাদেশিদের সাজা মওকুফের অনুরোধ জানান। এর ফলশ্রুতিতে প্রাথমিকভাবে ১৮৮ জনকে মুক্তি দেওয়া হয়।