জাতীয়

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:২২ পিএম

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে আরও ১৭৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আগামী সোমবার (১ ডিসেম্বর) তারা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। এ কাজে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) যৌথভাবে কাজ করছে।

গত ২৬ নভেম্বর ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শন করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। এ সময় দূতাবাসের প্রথম সচিব (শ্রম)ও উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় রাষ্ট্রদূত সেন্টারে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সার্বিক পরিস্থিতি খোঁজখবর নেন।

রাষ্ট্রদূত বলেন, “অনেক অভিবাসী অবৈধ পথে বিদেশে পাড়ি দিতে গিয়ে চরম ঝুঁকির মুখে পড়েন এবং মানবপাচারকারীদের শিকার হন। আপনি ভাগ্যবান যে আল্লাহর রহমতে সাগর থেকে জীবিত উদ্ধার হয়েছেন।”

তিনি আরও জানান, “দূতাবাস দ্রুত সময়ে সবাইকে দেশে ফেরত পাঠানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে সবার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী ৩০ নভেম্বর আইওএম-এর সহায়তায় ১৭৫ জনকে দেশে ফেরত আনা সম্ভব হবে।”

রাষ্ট্রদূত আটক নাগরিকদের সতর্ক করেছেন, দেশে ফিরে তারা তাদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে শেয়ার করে অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবেন। পাশাপাশি মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার গুরুত্বও তুলে ধরেছেন।

পরিদর্শনের সময় দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত অভিবাসীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। রাষ্ট্রদূত তাজুরা ডিটেনশন সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকেও সাগর থেকে বাংলাদেশিদের উদ্ধার এবং মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।