জাতীয়

গণভোট ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকায় চলছে ‘মক ভোটিং’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০১:১০ পিএম

গণভোট ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকায় চলছে ‘মক ভোটিং’
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে ঢাকায় ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই মহড়ায় নারী-পুরুষ মিলিয়ে ৫১০ জন ভোটার অংশ নিচ্ছেন।

ইসি সচিব আখতার আহমেদ জানান, “জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। তাই পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে সম্পন্ন করতে আমরা আগেই অভিজ্ঞতা ঝালাই করে নিতে চাই।”

মক ভোটিংয়ে বাস্তব নির্বাচনের মতোই ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ভোটার উপস্থিত ছিলেন। তবে ব্যালট পেপারে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর নাম বা প্রতীক নেই। নারী ও পুরুষের জন্য আলাদা ভোট কক্ষ রাখা হয়েছে।

ভোট প্রক্রিয়ার সব ধাপ- ভোটগ্রহণ থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত মক ভোটিংয়ে অনুশীলন করা হচ্ছে। নিরাপত্তা রক্ষায় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ভোটারদের মধ্যে একজন বলেন, “গণভোট প্রথমবার দিলাম। ভোটের অভিজ্ঞতা ভালো হয়েছে, তবে গণভোটের প্রচার আরও প্রয়োজন।”