জাতীয়
তারেক রহমান এখনো ভোটার নন, চাইলে ইসি সিদ্ধান্ত নিয়ে ভোটার করতে পারে: ইসি সচিব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে তিনি বলেন, ইচ্ছা করলে নির্বাচন কমিশন তারেক রহমানকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিতে পারে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকরা তারেক রহমানের ভোটার নিবন্ধন সম্পর্কে জানতে চাইলে ইসি সচিব বলেন, “আমার জানা মতে তিনি এখনো ভোটার হননি।” এরপর সাংবাদিকরা জানতে চান তিনি নির্বাচন করতে পারবেন কিনা। জবাবে সচিব বলেন, “পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।”
কমিশন কীসের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিতে পারে- এমন প্রশ্নের উত্তরে আখতার আহমেদ বলেন, “আইনে এ বিষয়ে বিধান রয়েছে।” তবে কোন আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে-জানতে চাইলে তিনি বলেন, “ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, আমার মুখস্থ নেই।”