জাতীয়
সংস্কারের অগ্রগতি নিয়ে নতুন বার্তা আইন উপদেষ্টার
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বহুল প্রতীক্ষিত গুম অধ্যাদেশের গেজেট প্রকাশিত হয়েছে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ গেজেট নোটিফিকেশন হয়।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, বিচার বিভাগ স্বাধীন করার লক্ষ্যে ইতোমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করা হয়েছে। পাশাপাশি মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে হিউম্যান রাইটস কমিশন আইন সংশোধনের কাজও দ্রুত এগোচ্ছে। কয়েক দিনের মধ্যেই এই সংস্কার সম্পন্ন হবে বলেও জানান তিনি।
আইন উপদেষ্টা বলেন, “বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্য আমাদের ছিল, তার ৯০ শতাংশই সম্পন্ন হয়েছে। পুলিশ সংস্কার আইন এবং দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের কাজও দ্রুত সমাপ্তির দিকে এগোচ্ছে।”
তিনি আশা প্রকাশ করেন, আগামীতে নির্বাচিত সরকারগুলো যদি আন্তরিকতার সঙ্গে এসব আইন বাস্তবায়ন করে, তবে বাংলাদেশ হয়ে উঠবে আরও মানবাধিকারবান্ধব, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র।