জাতীয়

জানা গেল ভোটের সম্ভাব্য তারিখ, চূড়ান্ত হবে রোববার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম

জানা গেল ভোটের সম্ভাব্য তারিখ, চূড়ান্ত হবে রোববার
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি সম্ভাব্য ভোটের তারিখ সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন।

ইসি আনোয়ারুল বলেন, ফেব্রুয়ারির ৮ তারিখ রোববার এবং ফেব্রুয়ারি ১২ তারিখ বৃহস্পতিবার।

সেক্ষেত্রে ভোটগ্রহণ হতে পারে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার। তবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে যেকোনো দিন নির্বাচন ও গণভোট আয়োজন করা যেতে পারে। তিনি আরও বলেন, নির্বাচনের তারিখ মধ্যবর্তী কোনো সময়ও হতে পারে এবং তা নির্বাচনী প্রস্তুতির ওপর নির্ভর করবে।

চূড়ান্ত ভোটের তারিখ ঘোষণা প্রসঙ্গে তিনি জানান, রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সভায় তফসিল চূড়ান্ত করা হবে। এছাড়া কমিশন সম্ভাব্যভাবে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার তফসিল ঘোষণা করতে পারে।

নির্বাচন কমিশন ভোটগ্রহণ সময়ও বাড়ানোর কথা ভাবছে। কারণ এবারের সংসদ নির্বাচন ও গণভোট একদিনে হবে। আনোয়ারুল ইসলাম জানান, গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হতে পারে। একই সঙ্গে ভোটের সময় সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলার পরিবর্তে তা সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত করার প্রস্তাব নেওয়া হচ্ছে।