জাতীয়
আগামী সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে: প্রধান উপদেষ্টা
জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স–২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এসময় দেশের নিরাপত্তা, বিভিন্ন দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা এবং সামগ্রিক দায়িত্ব পালন–সবক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন তিনি।
কোর্সের সদস্যদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, বছরের পর বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, নিরাপত্তা ও উন্নয়নবিষয়ক উচ্চতর অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ ইতোমধ্যে একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে।
এ সময় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা।
এ বছর এনডিসি–২০২৫ কোর্সে অংশ নেন মোট ৯৬ জন সদস্য—বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন, প্রশাসনের ১৮ জন এবং ১৮টি বন্ধুত্বপূর্ণ দেশের ২৯ জন প্রতিনিধি। পাশাপাশি বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ কর্মকর্তা সফলভাবে এএফডব্লিউসি–২০২৫ সম্পন্ন করেন।