জাতীয়
বাংলাদেশের জরুরি ত্রাণ পৌঁছাল শ্রীলঙ্কায়
ভয়াবহ ঘূর্ণিঝড় ‘দিতওয়া’ এবং পরবর্তী বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কার সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার নির্দেশে পাঠানো জরুরি মানবিক ত্রাণ সহায়তা বুধবার শ্রীলঙ্কায় পৌঁছেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রাণবাহী বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটটি আজ দুপুর ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াস স্থানীয় কর্তৃপক্ষের কাছে ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
প্রেরিত ত্রাণের মধ্যে ছিল খাদ্যপণ্য, জরুরি ওষুধ, তাঁবু এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। মানবিক সংকটের এই মুহূর্তে সময়মতো সহায়তা দেওয়ায় শ্রীলঙ্কা সরকার বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে।
ঘূর্ণিঝড় ‘দিতওয়া’ এবং বন্যায় এখন পর্যন্ত প্রায় ৪৬৫ জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ নিখোঁজ রয়েছে। দেশটির বিস্তীর্ণ অঞ্চল এখনও পানির নিচে এবং ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।
বাংলাদেশের এ মানবিক সহায়তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।