জাতীয়

নির্বাচনকে ঘিরে পুলিশের প্রতি নিরপেক্ষতার কড়া বার্তা প্রধান উপদেষ্টার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পিএম

নির্বাচনকে ঘিরে পুলিশের প্রতি নিরপেক্ষতার কড়া বার্তা প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, এই নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়- এটি গণঅভ্যুত্থান-পরবর্তী ঐতিহাসিক নির্বাচন, যেখানে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব পুলিশের ওপরও বর্তায়।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই নির্দেশনা দেন। বক্তব্যে তিনি পুলিশ কর্মকর্তাদের মানসিকভাবে নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা জানান, এ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ কর্মকর্তাদের দৈবচয়নের মাধ্যমে নির্বাচন করা হয়েছে, যাতে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা রাজনৈতিক প্রভাব প্রবেশ করতে না পারে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য ছিল—নির্বাচনী দায়িত্ব বণ্টনে শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করা। নিজের ওপর নির্ভর করলে অনেক সময় অজান্তেই পক্ষপাত প্রবেশ করে যায়, তাই এই পদ্ধতি বেছে নেওয়া হয়েছে।”

ড. ইউনূস আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে। সেই জন্মের ধাত্রী হিসেবে দায়িত্ব পালন করবে পুলিশ বাহিনী। কাপুরুষের মতো নিষ্ক্রিয় থাকার সময় নয়- শহীদদের স্বপ্ন পূরণের জন্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের চাপ ও প্রলোভনের বাইরে থেকে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।