জাতীয়

বদলির নির্দেশ অমান্য করায় অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস বরখাস্ত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম

বদলির নির্দেশ অমান্য করায় অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস বরখাস্ত
মো. শামীম কুদ্দুস ভূঁইয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শামীম কুদ্দুস ভূঁইয়াকে দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হলেও তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি। নির্ধারিত দায়িত্ব পালনে গাফিলতি ও কর্তৃপক্ষের আদেশ অমান্য করার অভিযোগে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ২০ আগস্ট বদলির নির্দেশ দেওয়া হলেও এএসপি শামীম কুদ্দুস ভূঁইয়া দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে যোগদানের কোনো উদ্যোগ নেননি। বরং নিয়মিত অফিসেও অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী হিসেবে বৈধ আদেশ অমান্য ও দায়িত্বে গাফিলতি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচিত হওয়ায় তাকে অভিযুক্ত করে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে-যা ২০ আগস্ট থেকেই কার্যকর ধরা হচ্ছে।

এ ছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে এএসপি শামীম কুদ্দুস ভূঁইয়া বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিদ্যমান বিধি অনুযায়ী খোরপোষ ভাতা গ্রহণ করতে পারবেন।

উচ্চপর্যায়ের একাধিক সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে শৃঙ্খলা নিশ্চিত করতেই এই ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।