জাতীয়
১ লাখ ৯৩ হাজারের বেশি প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত সর্বশেষ আপডেটে এ তথ্য পাওয়া যায়।
ইসির তথ্য অনুযায়ী নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৯০৯ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৬৫ জন।
নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে নির্বাচন কমিশন। ইসির বার্তায় বলা হয়েছে, বিদেশে অবস্থানরত অবস্থায় যে দেশে প্রবাসীরা আছেন, সে দেশের নিয়ম অনুযায়ী সঠিক ঠিকানা প্রদান করতে হবে। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে। ভুল তথ্য দিলে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের এডিট অপশনে ঠিকানা সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছে। সঠিক ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব নয় বলেও জানায় ইসি।
ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমদ খান জানান, দেশভিত্তিক নিবন্ধনে সৌদি আরব শীর্ষে রয়েছে- ৩৮,২৬৯ জন। যুক্তরাষ্ট্রে নিবন্ধিত হয়েছেন ১৯,২৭১ জন প্রবাসী ভোটার।
নির্বাচন কমিশন এরই মধ্যে প্রবাসী ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে। এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধন উন্মুক্ত ছিল।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বিশ্বের যেকোনো দেশ থেকেই এখন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করা যাবে। পাশাপাশি সরকারি কর্মকর্তা, আইনগত হেফাজতে থাকা ব্যক্তি এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) পদ্ধতি চালুর প্রস্তুতিও চলছে। তফসিল ঘোষণার পর ১৫ দিনব্যাপী আইসিপিভি নিবন্ধন খোলা থাকবে।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপটি উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম চালুর ঘোষণা দেন। প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে সঠিক বিদেশি ঠিকানা প্রদান করলেই ব্যালট পাওয়া নিশ্চিত হবে।