জাতীয়

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সীমিত আকারে আমদানির অনুমতি দিল সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পিএম

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সীমিত আকারে আমদানির অনুমতি দিল সরকার
ছবি: সংগৃহীত

দেশে হঠাৎ করে পেঁয়াজের বাজার অস্থির হয়ে ওঠায় এবং কয়েক দিনের ব্যবধানে কেজিপ্রতি ২০–৩০ টাকা মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল ও সহনীয় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজ আমদানির জন্য আইপি (ইমপোর্ট পারমিট) খুলে দেওয়া হবে। প্রতিদিন সর্বোচ্চ ৫০টি আইপি অনুমোদন করা হবে। সকাল ১০টা থেকে সার্ভার চালু থাকবে এবং ৫০টি আবেদন পূর্ণ হলেই সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একজন আমদানিকারক সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। তবে ১ আগস্ট যারা আমদানির জন্য আবেদন করেছিলেন, কেবল তারাই আইপি অনুমোদন পাবেন। একই আমদানিকারককে একাধিকবার অনুমোদন দেওয়া হবে না।

দেশে পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

বর্তমানে বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েক দিনের ব্যবধানে উল্লেখযোগ্য বৃদ্ধি।