জাতীয়

তফসিল ঘোষণার দিন এখনো চূড়ান্ত নয়: ইসি সচিব আখতার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম

তফসিল ঘোষণার দিন এখনো চূড়ান্ত নয়: ইসি সচিব আখতার
ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতির শেষ ধাপে থাকলেও, এখনো তফসিল ঘোষণার সুনির্দিষ্ট দিন নির্ধারণ করা যায়নি।

শনিবার (৬ ডিসেম্বর) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে কর্মশালা শেষে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনসূচি সামনে রেখে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দীনও এর আগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার সম্ভাবনার কথা জানিয়েছিলেন।

ইসি সচিব বলেন, “সকাল সাড়ে ১১টা থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কমিশনের বৈঠক ছিল। তবে নির্বাচন কমিশন এখনো তফসিল ঘোষণার দিন চূড়ান্ত করেনি।”

তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচন নিয়ে ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সবাইকে অনুরোধ করছি সঠিক তথ্য প্রকাশ করার জন্য। নির্বাচন আয়োজনের জন্য জোর প্রস্তুতি চলমান আছে।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এবারের ভোটে প্রথমবারের মতো গণভোটও অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন প্রস্তুতির অংশ হিসেবে শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় পর্যায়ের একটি বৈঠকও করেছে।