জাতীয়
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে রাজধানীর নিকুঞ্জ-১ এলাকায় ব্যক্তিগত বসবাসের সুবিধার্থে সাজসজ্জা ও অবকাঠামো নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুদক কখনও ব্যক্তির পরিচয় বিবেচনা করে নয়; বরং অভিযোগের বস্তুনিষ্ঠতা যাচাই করেই অনুসন্ধানে নামে।
অভিযোগ অনুযায়ী, নিকুঞ্জ-১-এর লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে আবদুল হামিদের তিনতলা ডুপ্লেক্স বাড়ি অবস্থিত। রাষ্ট্রপতির দায়িত্ব শেষে ২০২৩ সালের এপ্রিলে তিনি পরিবারসহ সেখানে ওঠেন। অভিযোগে বলা হয়, ওই বাড়ির আশপাশে রাস্তা বন্ধ করে নান্দনিক ডেক, ঝুলন্ত ব্রিজ, খালসংলগ্ন আধুনিক ল্যাম্পপোস্টসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হয়। এগুলো ব্যক্তিগত বাড়ির সৌন্দর্যবর্ধন ছাড়া অন্য কোনো জনস্বার্থে কাজে আসে না।
এসব অপ্রয়োজনীয় নির্মাণকাজে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা খরচ হয়েছে বলে দাবি করা হয়েছে, যা এখন দুদকের অনুসন্ধানের আওতায় রয়েছে। দুদক জানিয়েছে, প্রাপ্ত অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।