জাতীয়
সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি (ভিডিও)
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন-সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি জানান, ৩০০ আসনে ভোটগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়ন বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিন ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চালানো যাবে।
তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করে। এর আগের দিন প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে একান্ত বৈঠক করেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, তফসিল ঘোষণার পর আসন বিন্যাস, রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, মনিটরিং সেল ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সেল গঠনের জন্য প্রয়োজনীয় প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হবে।
১৯৭১ সালের পর দেশে এখন পর্যন্ত ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে- যার মধ্যে আওয়ামী লীগ ছয়বার, বিএনপি চারবার ও জাতীয় পার্টি দুবার সরকার গঠন করে। রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে প্রথম থেকে ষষ্ঠ এবং দ্বাদশ সংসদ পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি; বাকি সংসদগুলো নির্ধারিত মেয়াদ পূরণ করে।