জাতীয়

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার সকালে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

গতকাল ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর আগে, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। পদত্যাগের পর নানা গুঞ্জন ছড়ায় যে আসিফ কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারেন। কেউ বলেছিল তিনি গুরুত্বপূর্ণ পদ নিয়ে এনসিপিতে যোগ দেবেন, আবার কেউ বলেছিল গণঅধিকার পরিষদ বা বিএনপি জোটের প্রার্থী হবেন। তবে শেষ পর্যন্ত আসিফ নিজেই স্পষ্ট করেছেন, তিনি কোনো বড় রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা ছাড়াই স্বতন্ত্রভাবে ভোটের মাঠে লড়বেন।

ফেসবুক পোস্টে একটি ভিডিও যুক্ত করে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। নতুন বাংলাদেশ গঠন ও স্বপ্নের বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয়। যুগ যুগ ধরে চলা বিভাজনের রাজনীতির পরিবর্তে প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা ও নতুন সামাজিক, রাজনৈতিক ও জিওপলিটিক্যাল ব্যবস্থার বাস্তবায়ন জরুরি।”

আসিফ আরও জানান, “এই লড়াই সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগ আমাদের প্রেরণা। তাদের স্মৃতি নিয়েই আমি দেশের পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই।”

তিনি বলেন, “আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীর চরের একটি অংশ নিয়ে গঠিত ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ বা অসংখ্য নিবেদিত কর্মী আমার নেই। আমার একমাত্র অবলম্বন হবে আপনাদের সহযোগিতা ও সমর্থন, এবং দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি।”

সজীব আরও যোগ করেন, “আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, আমি গণভোটেরও প্রার্থী। এই একমাত্র সুযোগ বাস্তবায়নে সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

যদিও আসিফ মাহমুদ তার অবস্থান স্পষ্ট করেছেন, পদত্যাগ করা আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচনে অংশ নেবেন কি না বা কোন দল থেকে লড়বেন, তা এখনো নিশ্চিত নয়।