জাতীয়
নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নস্যাৎ করার মতো শক্তি পৃথিবীতে নেই। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের অপেক্ষায় আছে। গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনে জনগণ ভালো নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে, তাই এবার তারা সুষ্ঠু ভোট চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা বা সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনৈতিক দাবি তুলে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে তাতেও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “পতিত স্বৈরশাসকের দল নিজেরাই নির্বাচনের বাইরে সরে গেছে। রাজনৈতিক দল হলে শান্তিপূর্ণ আন্দোলন করত, কিন্তু তারা অস্ত্র হাতে নিয়ে সহিংসতার পথ বেছে নিয়েছে। বহু মানুষকে হত্যা করে তারা ভেবেছিল সবাই ভয় পাবে, কিন্তু এখন তারাই নিজেদের মাঠের বাইরে ঠেলে দিয়েছে।”
তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছে। একই সঙ্গে ভুয়া তথ্য, অপপ্রচার ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।