জাতীয়

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

কমিশনার বলেন, “ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা খুবই সংকটাপন্ন। এই হামলার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং র‌্যাব একযোগে কাজ করছে। সন্ত্রাসীরা যেখানে লুকানোই থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।”

হাদিকে লক্ষ্য করে হামলা ঘটে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আড়াইটার দিকে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি চালায়। আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোশতাক আহমেদ জানিয়েছেন, হাদির অবস্থা গুরুতর, তিনি বর্তমানে কোমায় রয়েছেন। হাসপাতালের পরিচালকীয় দপ্তর জানিয়েছে, তার অবস্থা ক্রিটিক্যাল এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মাথার মধ্যে গুলি অবস্থান করছে।

উল্লেখ্য, হাদি এর আগে নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন হুমকি পেয়েছেন। ১৪ নভেম্বর তিনি ফেসবুকে লিখেছিলেন, তার ওপর হত্যার হুমকি, বাড়িতে আগুন দেওয়ার হুমকি এবং পরিবারের সদস্যদের নিরাপত্তাহানি ঘটানোর হুমকি দেওয়া হয়েছে। তিন ঘণ্টার মধ্যে অন্তত ৩০টি নম্বর থেকে তাকে কল ও মেসেজ করা হয়েছে এবং বলা হয়েছে, তাকে নজরদারিতে রাখা হচ্ছে।

ডিএমপি কমিশনার জানিয়েছেন, এই হুমকির পেছনে থাকা সন্ত্রাসীদের চিহ্নিত করতে এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য তৎপর অভিযান চলবে।